স্টাফ রিপোর্টার:- নিষিদ্ধ ঘোষিত সংগঠন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ৫-৭ মিনিট যান চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ১৭ আগস্ট সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নামধারী কয়েকজন নেতাকর্মী।
এ সময় তারা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। কিছু সময় অবস্থানের পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে ওই সময় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহফুজুর রহমান বলেন, “হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েক জন নামধারী ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।”