নিজস্ব প্রতিবেদন : নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের এক দিন পর চাড়ালকাটা নদী থেকে তাহিবুল ইসলাম (৩৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলী এলাকার চাড়ালকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তাহিবুল ইসলাম নিতাই ইউনিয়নের নিতাই কাছাড়ীপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চাড়ালকাটা নদীতে এক ব্যক্তির মরদেহ উপুড় হয়ে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে নদী থেকে ভাসমান মরদেহটি তীরে তোলা হলে স্থানীয়রা সেটিকে তাহিবুলের বলে শনাক্ত করেন এবং তার পরিবারকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের মা তহমিনা বেগম।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সে হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করত। বুধবার সকালে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। আজ সকালে খবর পেয়ে এসে ছেলের লাশ শনাক্ত করি। তবে কীভাবে কী হলো, তা বুঝতে পারছি না।’
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, খবর পাওয়ার পরপরই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সূত্র – কাল বেলা