নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানায়, সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের আগে অবশ্যই প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটকক্ষে প্রবেশ করবেন। কেন্দ্রের নির্বাচন-সংক্রান্ত তথ্য প্রিজাইডিং অফিসারের কাছ থেকেই সংগ্রহ করতে হবে। এছাড়া ভোট গণনার সময় উপস্থিত থেকে ছবি তোলার অনুমতিও থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়, ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সচিত্র সংবাদ প্রচার করা যাবে। তবে এ ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের সব নির্দেশনা অনুসরণ করতে হবে।
তবে কিছু বিষয়ে কড়া নিষেধাজ্ঞাও দিয়েছে নির্বাচন কমিশন। কোনোভাবেই গোপন ভোটদান কক্ষে প্রবেশ করা বা সেখানে ছবি তোলা যাবে না। একসঙ্গে দুই জনের বেশি সাংবাদিক ভোটকক্ষে ঢুকতে পারবেন না এবং সেখানে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করা যাবে না।
এছাড়া ভোটকক্ষ থেকে কোনো মাধ্যমেই সরাসরি (লাইভ) সংবাদ সম্প্রচার করা যাবে না। ভোটকক্ষের ভেতরে নির্বাচনি কর্মকর্তা, এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নেওয়াও নিষিদ্ধ। কোনো নির্বাচনি সামগ্রী স্পর্শ করা যাবে না এবং ভোটগ্রহণ কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে—এমন কোনো কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করা যাবে না।
ইসি আরও জানিয়েছে, কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচারণা বা সহায়ক কার্যক্রমে সাংবাদিকরা যুক্ত হতে পারবেন না।
নির্বাচন কমিশন সতর্ক করে বলেছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।