উজিরপুর উপজেলা প্রতিনিধি : বরিশালের উজিরপুরে অজ্ঞাতনামা একটি বাসের চাপায় মো. ইমরান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ইমরান চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিল সেতুর উপর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে ইমরান মোটরসাইকেলযোগে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে অজ্ঞাত একটি বাস পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার দেহেরগাতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা মৃত সেলিম সিকদারের ছেলে। তিনি জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ।
এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ইমরানের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল চত্বরে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘাতক বাসটি চিহ্নিত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।