গোবিন্দগঞ্জে ৭টি সার দোকানে অভিযান জব্দ ৪৩৪ বস্তা সার, জরিমানা ৫০ হাজার টাকা
শাহীন খন্দকার গাইবান্ধা প্রতিনিধি::গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন সার বিক্রি, অবৈধ মজুদ এবং রশিদবিহীন লেনদেনের অভিযোগে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩৪ বস্তা সার ও ৬৯০০ কেজি ধান বীজ জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌরবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ণ চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রূপালী সার ঘর ও মেসার্স প্রধান কৃষি সম্ভার—এই সাতটি দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে গাইবান্ধা সেনানিবাসের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর একটি দল অংশ নেয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে এসব দোকানে কৃষি উপকরণ অবৈধভাবে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছিল। এমনকি ভেজাল বীজ বিক্রির অভিযোগও রয়েছে, যা কৃষি উৎপাদনে মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল।