সংস্কার, বিচার ও পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে লাখো মানুষের ঢল
সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আজ শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২টা থেকে শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব। সভাপতিত্ব করবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (২৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, “জুলাই অভ্যুত্থানের পর থেকেই আমরা সংস্কার, বিচার ও পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে ধারাবাহিক প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে আমরা জনসমর্থন গড়ে তুলেছি। এই মহাসমাবেশ সেই দাবির পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা হবে।”
মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “সারাদেশ থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনযোগে লাখো মানুষের সমাবেশে অংশগ্রহণের আশা করছি।”
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “এই মহাসমাবেশের মাধ্যমে জাতি আগামী রাজনীতির একটি নতুন বার্তা পাবে ইনশাআল্লাহ।”