কালিয়াকৈরে জমি বিরোধকে কেন্দ্র করে নারীর উপর হামলা, স্বামী গুরুতর আহত
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের তালচালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোসাঃ সাজেদা আক্তার (৪৮) অভিযোগ করেন, প্রতিবেশী মোঃ নুরুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আলম মিয়া, মোঃ রোকন মিয়া, মোঃ সোহরাব হোসেন ছরু, মোঃ ধলু মিয়া ও মোঃ ফারুক মিয়া দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত ও পারিবারিক বিষয় নিয়ে শত্রুতা করে আসছিলেন।
সাজেদা আক্তার জানান, তার বসতবাড়ির উত্তরে নিজ মালিকানাধীন জমিতে তিনি গাছের চারা রোপণ করেন। বিবাদীরা সেই জমি জবরদখলের চেষ্টা করে এবং সেখানে থাকা চালা উঠিয়ে নষ্ট করে দেন।
তিনি আরও জানান, ঘটনার দিন, ২০ জুন দুপুর তিনটার দিকে তালচালা বাজারে কিছু চারা দেখাতে গেলে বিবাদীরা তাকে প্রকাশ্যে গালাগাল ও মারধর করেন। এসময় তার স্বামী মোঃ রহিম বাদশা (৫২) ঘটনাস্থলে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। বিবাদী ৪ নম্বর আসামী মোঃ রোকন মিয়া হাতে থাকা লাঠি দিয়ে রহিম বাদশার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।
সাজেদা আক্তার অভিযোগ করেন, বিবাদীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়দের সহায়তায় আহত স্বামীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি জানান, স্বামীর চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।