খুলনার রুপসায় আবারও বিকাশ ব্যবসায়ীর ওপর গুলি ৮০ হাজার টাকা লুট
এস.এম.শামীম খুলনা জেলা প্রতিনিধি:খুলনার রুপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে ফের ঘটল চাঞ্চল্যকর ডাকাতি। আজ ১৩ জুন রাত আনুমানিক ১২টার দিকে রুপসা ডিগ্রি কলেজের পাশে অবস্থিত মো. বনি আমিন (৩২) নামে এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী তার দোকান বন্ধ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আগত হেলমেট পরিহিত দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিটি বাম পায়ের হাঁটুর ওপর মাংসপেশিতে বিদ্ধ হলে বনি আমিন গুরুতর আহত হন। হামলাকারীরা এরপর দোকানের ক্যাশ থেকে আনুমানিক ৮০,০০০ টাকা এবং কিছু মিনিট কার্ড লুট করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা ও আত্মীয়স্বজন তাৎক্ষণিকভাবে আহত বনি আমিনকে উদ্ধার করে প্রথমে রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি রুপসা থানা পুলিশকে জানানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।