বগুড়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌ’ন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়া সদরের গোকুল তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌ’ন হয়রানির অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিকের শাস্তির দাবিতে বুধবার সকালে শিক্ষার্থীরা ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষো’ভ করেন।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে কোচিং করানোর কথা বলে ছাত্রীদের নিজ বাসায় ডেকে নিয়ে অশোভন আচরণ করে আসছেন। বিদ্যালয়েও ছাত্রীর হাত ধরে চলাফেরা করতে দেখা যায় তাঁকে। এসব বিষয়ে অভিযোগ উঠলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং গঠিত তদন্ত কমিটি অভিযোগকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বিক্ষো’ভে অংশ নেওয়া এক ছাত্রী বলেন, ‘আমরা নিরাপদে পড়তে চাই। এই শিক্ষক আমাদের জন্য হু’মকি। তাঁকে বরখাস্ত না করলে আমরা ক্লাসে ফিরব না।’
প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুব মোরশেদ, একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান।
অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অভিভাবকদের অনেকেও ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এমন ঘটনা শিক্ষাঙ্গনের জন্য লজ্জাজনক। তাঁরা সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে পুলিশের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘ছাত্রীদের অভিযোগ গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’