কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রাকি, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম,
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে ৫৬ জন ক্ষতিগ্রস্তদের মাঝে প্রত্যেককে এক বান ঢেউটিন ও নগদ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত উপজেলার মেকপাল গ্রামের অসীম সিকদার ও শীর্ষ গ্রামের মারজিয়া বেগম বলেন, ঘূর্ণিঝড়ে আমাদের ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়ে উপকৃত হয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সুখে দুখে পাশে আছে এবং থাকবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যায়ক্রমে সবাই সহযোগিতা পাবেন। বিপদে কেউ ধৈর্য হারাবেন না।